নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, আহত স্বামী

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৭ পিএম

সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় তার শিক্ষক স্বামী ওমর ফারুক আহত হন। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৬টার দিকে নীলফামারী-ডোমার সড়কের নীলফামারী জেলা সদরের হরতকিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

নিহত মারুফা বেগম ডোমার উপজেলার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও আহত স্বামী ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। তাদের বাড়ি ডোমার উপজেলার বোড়াগাড়ী চান্দিনাপাড়া গ্রামে বলে জানা যায়।

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্র মতে, ঘটনার সময় স্বামী স্ত্রী মোটরসাইকেল যোগে নীলফামারী আসছিলেন। নীলফামারী সদরের হরতকিতলা নামক স্থানে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সাথে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন মারুফা বেগম ও তার স্বামী।

এ সময় ডোমার গামী একটি ট্রাক ওই এলাকা অতিক্রম করছিল। এতে ট্রাকের চাকায় শিক্ষিকা মারুফা বেগম পিস্ট হয়ে ঘটনাস্থলে নিহত হলেও আহত হন তার স্বামী ওমর ফারুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত