ইউএস ওপেনে দুই নারী খেলোয়াড়ের ঝগড়া, ‘দেখে নেওয়ার’ হুমকি!

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম

ইউএস ওপেনে হচ্ছেটা কী? টেলর টাউনসেন্ড এবং জেলেনা ওস্টাপেঙ্কার মধ্যকার ম্যাচ যারা দেখেছেন, তাদের মনে এই প্রশ্ন জাগতে বাধ্য। ম্যাচ শেষে যেখানে শুভেচ্ছা বিনিময়ের কথা, সেখানে দুজনে জড়িয়েছেন কথার লড়াইয়ে। টেলর টাউনসেন্ড নাকি ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওস্টাপেঙ্কো।

মার্কিন যুক্তরাষ্ট্রের টাউনসেন্ড দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৫ নম্বর বাছাই এবং ২০১৭ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কোকে ৭-৫, ৬-১ গেমে হারিয়ে দেন। ম্যাচ শেষে নেটে হাত মেলানোর সময় দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা শুরু হয়। ওস্টাপেঙ্কো বলেন, টাউনসেন্ডের ‘কোনো রুচি নেই’ এবং ‘কোনো শিক্ষা নেই’! তাদের এই ঝগড়ার পেছনে আছে ম্যাচ শুরু আগে এবং ম্যাচ চলাকালীন দুটি ঘটনা।

ওস্টাপেঙ্কোর অভিযোগ, টেনিসের শিষ্টাচার মানেননি টাউনসেন্ড। প্রথমত, খেলা শুরুর আগে ওয়ার্মআপের সময় টাউনসেন্ড নেটের কাছে চলে আসেন। টেনিসের নিয়ম অনুযায়ী এই সময় দুই খেলোয়াড়কেই বেস লাইনে থাকতে হয়। দ্বিতীয় ঘটনা, ম্যাচের সময় নেটে বল লেগে একটি পয়েন্ট পেয়ে যান টাউনসেন্ড। ওস্টাপেঙ্কোর অভিযোগ, টেনিসের শিষ্টাচার মেনে ‘সরি’ বলেননি টাউনসেন্ড।

ম্যাচ হারার পর টাউনসেন্ডের সঙ্গে হাত মেলানোর সময় ভরা আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকদের সামনে এই অভিযোগগুলো আবার তোলেন ওস্টাপেঙ্কো। তিনি বলেন, ‘হেরে গেলে মানুষ মন খারাপ করে। কেউ কেউ খারাপ কথাও বলে। সে আমাকে বলেছে যে, আমার কোনো ক্লাস নেই, কোন শিক্ষা নেই। আমাকে হুমকি দিয়েছে, আমেরিকার বাইরে গেলে আমাকে সে দেখে নেবে!’

তিনি আরও বলেন, ‘খেলা শেষ হওয়ার পর আমি তাকে শুধু বলেছিলাম, “উপযুক্ত সময়ে নেটে যে পয়েন্টটা পেয়েছ, সেজন্য তোমার স্যরি বলা উচিত”। কিন্তু সে বলেছে, স্যরি বলার নাকি কোনো কারণ দেখছে না। টেনিসে কিছু নিয়ম আছে যা সব খেলোয়াড়ই মেনে চলে। এই প্রথমবার আমার সঙ্গে এমন কিছু হলো। শুধু নিজের দেশে খেলছে বলেই যা খুশি তাই করবে’

উল্লেখ্য, প্রথম সেটে ৩-৫ গেমে পিছিয়ে থাকা সত্ত্বেও টাউনসেন্ড দারুণভাবে ম্যাচে ফিরে আসেন। টানা চারটি গেম জিতে ৭-৫ ব্যবধানে সেট জিতে নেন। দ্বিতীয় সেটে ওস্টাপেঙ্কোকে দাঁড়াতে দেননি টাউনসেন্ড। ৬-১ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় সেট। ১ ঘন্টা ১৮ মিনিটে শেষ হয়ে যায় খেলা। দুজনের ঝগড়ার বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত