'অনেক কিছু আমার নিয়ন্ত্রণে নেই' কেন বললেন বুলবুল

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

দীর্ঘদিন ধরে আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে দেশের স্বার্থে বিসিবি সভাপতি হওয়ার প্রস্তাব পেয়ে বিশ্ব ক্রিকেটের সংস্থার পদ ছেড়ে চলে আসেন তিনি। এখনো সুযোগ এলে আবারও বিসিবির শীর্ষ দায়িত্ব নিতে প্রস্তুত সাবেক এই অধিনায়ক।

বর্তমানে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে আছেন এবং সেখান থেকেই অন্যান্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে নিজে থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই তার। পরিস্থিতি অনুকূলে থাকলেই কেবল দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বুলবুল।

এক্ষেত্রে তাকে অতিক্রম করতে হবে দুটি ধাপ—প্রথমে এনএসসি থেকে পুনরায় পরিচালক হিসেবে মনোনীত হওয়া, এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হওয়া। আসন্ন অক্টোবরে নির্বাচন ঘিরে নানা আলোচনা চললেও বুলবুল আপাতত নিজের কাজেই মনোযোগী। আজ চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেক কিছুই আমার নিয়ন্ত্রণে নেই।' এ সময় নিজের ইচ্ছার কথা জানালে স্পষ্ট হয় আগামী দিনেও বিসিবি সভাপতি হতে তার আগ্রহের কথা। তিনি বলেন, 'আমার ব্যক্তিগত যে ইচ্ছা..দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।'

বর্তমান পরিস্থিতি নিয়ে বুলবুল আরো বলেন, “আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। আবারও সভাপতি হওয়ার বিষয়টি নির্ভর করছে অনেক কিছুর ওপর। আগে আমাকে কাউন্সিলর হিসেবে মনোনীত করতে হবে, এরপর নতুন বোর্ড এলে সেখানকার পরিচালকরাই সিদ্ধান্ত নেবেন। তাই এখন আমি শুধু আমার বর্তমান দায়িত্বে মনোযোগ দিচ্ছি।”

এর আগে এক গণমাধ্যমকে বুলবুল বলেছেন, '(বিসিবি নির্বাচনের পর) ২৫ জন পরিচালক হবেন, তাঁরা যদি মনে করেন, ঠিক আছে। তবে আমি কারও কাছে ভোট চাইতে যাব না, কাউকে বলবও না ভাই আমাকে সভাপতি করো। আমাকে যদি মনে করে দেবে (সভাপতির দায়িত্ব), না দিলে নেই। কিছু করার নেই।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত