প্রশাসনে পদোন্নতি উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫২ এএম

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বৃহস্পতিবার উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার নতুন করে ৩০তম বিসিএসের কর্মকর্তাদের এ পদে পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ ব্যাচের কর্মকর্তারা ২০২২ সালে চাকরির ১০ বছর পূর্ণ করে পদোন্নতির অপেক্ষায় ছিলেন।

গতকাল উপসচিব পদে ২৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জন এবং আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত ছয়জনের পদোন্নতি সিদ্ধান্ত রয়েছে।

উপসচিব পদে ৭৫ শতাংশ পদোন্নতি হয় প্রশাসন ক্যাডার থেকে এবং ২৫ শতাংশ হয় অন্য ক্যাডার থেকে আসা কর্মকর্তাদের।

গত বছর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপকভাবে পদোন্নতি দেওয়া শুরু করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছর ৮ আগস্ট থেকে চলতি বছর ৪ আগস্ট পর্যন্ত উপসচিব পদে ১৪১, যুগ্ম সচিব পদে ৪২৪, অতিরিক্ত সচিব পদে ১৪৯, গ্রেড-১ পদে ২৬ এবং সচিব বা সিনিয়র সচিব পদে ৪৫ জনসহ ৭৮৫ কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্ম সচিব পদে ৭২ এবং উপসচিব পদে চারজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত