‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘মঞ্চ ২৪’-এর আলটিমেটাম

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০১:০৬ পিএম

‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করেছে, মঞ্চ ২৪ ডিআরইউকে (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) আগেই সতর্ক করেছিল, কিন্তু সেই সতর্কতাকে উপেক্ষা করে মঞ্চ ৭১–এর বৈঠকের সুযোগ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় ‘মঞ্চ ৭১’ নামে একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে। আর এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। সম্প্রতি আয়োজিত তাদের এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান উচ্চারিত হয়েছে এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করা হয়েছে।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ২ দাবিতে আল্টিমেটাম দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে মঞ্চ ২৪। ডিআরইউ সভাপতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত