শখের বশে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুদিন পর মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমজাদ হোসেন ঢালী (৪৬)। আজ রবিবার দুপুর ১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রাম সংলগ্ন রেলসেতুর নীচে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আমজাদ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের প্রয়াত শহীদুল ইসলাম ঢালীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে আমজাদ নৌকা নিয়ে মাছ ধরতে ধলেশ্বরী নদীতে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহতের ভাই ও হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম বলেন, নিখোঁজ হওয়ার দুই দিন পর স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে খবর দেন। আমার ভাই কৃষিকাজ করতেন। সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। তার কোনো শত্রু ছিল না। বর্ষা মৌসুমে মাছ ধরে থাকেন।
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পাওয়ার পরপরই সিরাজদীখান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। যেহেতু লাশটি নদীতে ভাসছিলো। তাই এ বিষয়টি নৌ-পুলিশের অধীন। এতে আমরা ফতুল্লার বক্তাবলী নৌ-ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
