মুন্সীগঞ্জের পৃথক দুই উপজেলায় সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে কলাবাগান ও ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ থাকা দুই কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় কৃষক আমজাদ হোসেন ঢালীর (৪৬) লাশ উদ্ধার করে নৌ-ফাঁড়ি পুলিশ। তিনি গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের প্রয়াত শহীদুল ইসলাম ঢালীর ছেলে।
এর আগে এ দিন সকাল সাড়ে ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পূর্ব আটপাড়া গ্রামে নিজের কলাবাগান থেকে অপর কৃষক আয়নাল হকের (৬৫) লাশ উদ্ধার করে থানা পুলিশ। ওই গ্রামের দুখাই লাড়কির ছেলে আয়নাল আগের দিন শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
