বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত। দেশবাসীও আশ্বস্ত।
গতকাল রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে। নির্বাচন সঠিক সময়ে হবে, এ বিষয়ে সংশয় নেই। প্রধান উপদেষ্টাও তাই বলেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে।’ এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়েও কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে, এ ব্যাপারে আমাদের মতামত স্পষ্ট করে বলেছি যে, এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এ ঘটনা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। আমরা মনে করি, এ ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার। সরকার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, সেটা সুষ্ঠুভাবে তারা করবেন।’ তবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের আশঙ্কা, নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যে কোনো একটি শক্তি এ ধরনের কাজ করছে। তবে ভোট ফেব্রুয়ারিতেই হবে, এটা আজকে (গতকাল) আমাদের বলেছেন, তিনি (প্রধান উপদেষ্টা) আমাদের সঙ্গে একমত।’
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হয়।
বিএনপির আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘সরকারের লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা একটি নজিরবিহীন ঘটনা। এতে করে সরকারের নিরপেক্ষতা ক্ষুণœ হয়েছে।’
তার এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা বিএনপির মহাসচিবের কাছে জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটি একেবারেই অমূলক দাবি। প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার।’
