স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে নৌ বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের সাদা পাথর লুটে জড়িতরা রক্ষা পাবে না। যারাই এতে জড়িত হোন না কেন ব্যবস্থা নেওয়া হবে। পাথর লুটে জড়িতদের তালিকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) যে প্রতিবেদন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দুদকের প্রতিবেদন অসত্য হলে তাদেরকেও জবাবদিহি করতে হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে নজিরবিহীন পাথর লুটের ঘটনায় জড়িত হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির সিলেটের শীর্ষ নেতাদের নাম উঠে এসেছে দুদকের প্রতিবেদনে।

এ ছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবি সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে দুদকের প্রতিবেদনে। লুটপাটের ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক, কোম্পানীগঞ্জের ইউএনও ও থানার ওসিকে ইতিমধ্যে বদলি করা হয়েছে।

এ প্রসঙ্গ উত্থাপন করে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি এখনও প্রতিবেদন দেয়নি। তারা আরও সময় চেয়েছে। খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়টি দেখছে। এ ছাড়া দুদকের প্রতিবেদনে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নাম থাকার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে যদি তা অসত্য হয় তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপত্তামূলক সবরকম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভোটকেন্দ্রে আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইল ডিউটিতে থাকবে। এ ছাড়া নৌবাহিনী, বিমান বাহিনী ও এপিবিএনও দায়িত্বে থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণই আমাদের দায়িত্ব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে ৪ হাজার পুলিশের একটি ব্যাচ ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আরেকটি ব্যাচের প্রশিক্ষণ চলছে। পুলিশের বিতর্কিত কাজ মেনে নেওয়া হবে না। হারুন, বিপ্লবদের মতো পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকায় গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে তিনি বলেন, নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রবিবার সন্ধ্যায় সিলেটে পৌঁছে বিজিবি সিলেট সেক্টর  সদরদপ্তরে রাতযাপন করেন। সোমবার সকালে তিনি বিজিবি সেক্টর সদর দপ্তর, সিলেট ক্যান্টনমেন্ট ও পুলিশ লাইন পরিদর্শন করেন। দুপুরে তিনি সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত