গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’
গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তার (সেনাপ্রধান) সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন। রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সে বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়। সেনাপ্রধান গত রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছিলেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের তথ্য তার জানা নেই। কয়েকটি পত্রিকায় দেখেছেন। অনলাইনে এ নিয়ে গুজব-গুঞ্জন হয়েছে বলেও দেখেছেন। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই। আর সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝেমধ্যেই দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। তিনি বলেন ‘আমি মনে করি না এটি নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে।’
আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার-বিবেচনা বোধের প্রতি আস্থা রয়েছে। এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে, মতবিরোধ শেষও হয়েছে। তিনি মনে করেন, বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখতে পাবেন।
অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটি প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, নির্বাচন কমিশনকেও সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে। তারা (ইসি) সব পদক্ষেপ গ্রহণ করছে। তার আগেই মতভিন্নতা যেটা আছে, সেটি দূর হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
