ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থীর এসএম ফরহাদের বৈধতা নিয়ে বামপন্থি সমর্থিত প্যানেল ‘অদম্য ২৪ অপরাজেয় ৭১’ প্যানেলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বিএম ফাহমিদা আলম রিট করলে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। আদালতের এ আদেশে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনা কেন্দ্র করে গত সোমবার রাত থেকেই সরব ছিলেন বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম আলী হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
গত সোমবার আলী হোসেন ফেসবুকে করা এক পোস্টে রিটকারীর ছবি সংযুক্ত করে লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে (রিটকারী) দলবদ্ধ ধর্ষণের পদযাত্রা করা উচিত! কেউ এইসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না যে একে সাপোর্ট করবে ওপরের কথাটা তার জন্য প্রযোজ্য!’
ওই শিক্ষার্থীর এমন শব্দচয়ন করে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তার অতীতে করা ফেসবুক পোস্টে জামায়াতের সমাবেশে উপস্থিতির বিষয়টি সামনে এনে তাকে শিবির নেতা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের নেতারা।
এদিকে, আলোচনা-সমালোচনার মুখে ফেসবুক লাইভে এসে ক্ষমাপ্রার্থনা করে আলী হোসেন দাবি করেন, তিনি কোনো দলের সঙ্গে জড়িত নন। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টেও তিনি দাবি করেন, তার অপরাধ ক্ষমার অযোগ্য কিন্তু তার অপরাধের কারণে না, তাকে উদ্দেশ্যমূলকভাবে শিবির সম্পৃক্ত করে রাজনীতি করা হচ্ছে।
আলী হোসেনকে শিবির নেতা ছাত্রদলের বিক্ষোভ : আলী হোসেনকে শিবির নেতা আখ্যা দিয়ে গতকাল সারা দেশে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই অংশ হিসেবে দুপুরে ঢাবির শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) থেকে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল মনোনীত প্যানেলের (ভিপি) সহসভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে নারী শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছে। নারী শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া শিবির নেতা কুলাঙ্গার আলী হোসেনের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা প্রশাসন নেয়নি। অতি অল্প সময়ের মধ্যে এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করে তাকে অ্যাকাডেমিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৫ আগস্টের পর থেকে নারী শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। প্রশাসনের নির্লিপ্ততায় আজ আমরা সরাসরি ধর্ষণের হুমকির মতো অপরাধ দেখতে পাচ্ছি।’
শিবিরের সঙ্গে আলীর সম্পৃক্ততা নেই শিবির : আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করে ঢাবি শাখা ছাত্রশিবির। তা ছাড়া, রাতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ঢাবি শিবির জানায়, আলী হোসেনকে শিবির বলে ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ছাত্রশিবিরের সঙ্গে এই আলী হোসেনের কোনো সম্পৃক্ততা নেই।
তা ছাড়া, আলী হোসেনকে শিবিরের নেতা উল্লেখ করে ছাত্রদলের বিক্ষোভের প্রতিবাদ ও তার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। রাজধানীর প্রেস ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়।
সেখানে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ডাকসু নির্বাচনের ঘোষণা কিছু গোষ্ঠীর গায়ে লাগায় তারা নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করছে। আলী হোসেনের সঙ্গে শিবিরের সম্পৃক্ততা নেই।
বিকেলে মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, ছবি তুললেই কেউ শিবির হয়ে যায় না। এটি হাসিনার ফ্যাসিবাদী সংস্কৃতির নতুন মোড়।
জিএস প্রার্থী এসএম ফরহাদ অভিযোগ করেন, ‘একটি চক্র আমাদের বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি করছে। হুমকিদাতার ফেসবুক প্রোফাইলে ছাত্রদলেরও ১০টির বেশি পোস্ট আছে। কিন্তু কেউ তাকে ছাত্রদল বলছে না, বরং একটি ছবি দেখে তাকে শিবির হিসেবে প্রচার করা হচ্ছে।’
আলী হোসেনের শাস্তি দাবি বাগছাসের : গতকাল বিকেলে মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, ‘একজন শিক্ষার্থী যিনি নারীকে দলবদ্ধ ধর্ষণের জন্য হুমকি দিয়েছেন। তার আইডিতে শিবিরের সমাবেশে যাওয়ার প্রমাণ রয়েছে। আমরা জানি না, এ রকম একটা মন্তব্য করার পরও কীভাবে এখনো তার ছাত্রত্ব থাকে। আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’
সাদা দলের নিন্দা : ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন।
সাদা দলের নেতারা বলেন, ‘এ ধরনের হুমকি মূলত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন প্রত্যেকে নিরাপদে নিজের পরিচয় ও মতপ্রকাশ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতাসহ নারী শিক্ষার্থীদের অবমাননাকারী সবাইকে চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানাচ্ছি।’
দুটি পৃথক তদন্ত কমিটি গঠন : নারী প্রার্থীকে হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের ও দুই সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে। সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া ও মো. রেজাউল করিম সোহাগ। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রক্টর দপ্তর।
আলীর এমন মন্তব্যে তার বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ‘আপনার অপছন্দ হলেও ফাহমিদার অধিকার আছে রিট করার। কিন্তু সেজন্য তাকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অধিকার নেই আলী হোসেনের। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা আলী হোসেনের মতামত বিশ্বাস করেন এবং সমাজবিজ্ঞান পড়েও মনে করেন যে কোনো মানুষকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া যায়, তারা আর আমার ক্লাসে বসার চেষ্টা করবেন না। আমি আপনাদের পড়াব না।’
সার্বিক বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘সাইবার বুলিং মোকাবিলায় একটি কমিটি গঠন করেছিলাম। টাটা বিষয়টি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত রিপোর্ট পেশ করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডাকসু বানচালের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ প্রার্থীদের : ‘ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে’ এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রার্থীরা। হাইকোর্টের রায় নিয়ে সুনির্দিষ্ট রায় না আসায় এই বিক্ষোভ করেন তারা। এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন, ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে’র স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলামসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বিন ইয়ামিন মোল্লা বলেন, এর আগেও আমাদের আশ্বাসের নামে মুলা ঝোলানো হয়েছে। আমরা ডাকসু নির্বাচন আন্দোলনের মাধ্যমে অর্জন করেছি। কিন্তু এরপরও একটা গোষ্ঠী কোনোভাবেই মাঠে কিছু করতে না পেরে নির্বাচন বানচালের অপচেষ্টা করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এমন অপচেষ্টা শিক্ষার্থীরা শক্ত হাতে প্রতিহত করবে।
জামালুদ্দিন মোহাম্মাদ খালিদ বলেন, আমরা আন্দোলন করে নির্বাচন নিয়েছি, এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকব। ডাকসুতে যেই জিতুক না কেন, আমরা নির্বাচন বানচাল করতে দেবে না।
ঢাবির হলে থাকতে পারবেন না বহিরাগতরা : ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে কড়া নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বিশেষ প্রয়োজন ব্যতীত কোনো বহিরাগত বা অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অদ্য ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত কোনো বহিরাগত/অতিথি অবস্থান করতে পারবে না।
‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’র ইশতেহার ঘোষণা : ডাকসু নির্বাচনকে সামনে রেখে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়। উমামা ফাতেমার নেতৃত্বাধীন এই জোট ‘নয় দলীয়করণ, নয় বিরাজ নীতিকরণ; প্রতিপাদ্যটি কে সামনে রেখে সর্বমোট ১১টি ইশতেহার ঘোষণা করে।
ইশতেহারে রয়েছে দলীয়করণ ও বিরাজ নীতিকরণ মুক্ত একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলা; একাডেমিক শিক্ষার মান উন্নয়ন, কারিকুলাম সংস্করণ ও গবেষণায় অগ্রগতি সাধন; ক্যারিয়ার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা; নারীবান্ধব ও সবার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা; স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসংকট নিরসন; আবাসন সমস্যা দূরীকরণ; পরিবহন ব্যবস্থার উন্নীতকরণ; ডিজিটালাইজেশন; খেলাধুলা ও শরীর চর্চা; পরিবেশবান্ধব ক্যাম্পাস ও স্যানিটেশন।
এ ছাড়া, প্রথম ৩০ দিনের অ্যাকশন প্ল্যানে উল্লেখ রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি রোডম্যাপ, জরুরি সংস্কার, শিক্ষার্থী সংলাপ, ডিজিটাল প্ল্যাটফর্ম চালু ও গবেষণা বরাদ্দ শুরু ইত্যাদি।
ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার ঘোষণা : ভিপি প্রার্থী তাহমিনা আক্তারের নেতৃত্বে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’ শুধু একটি পদে (ভিপি) নির্বাচন করছে। তাদের ইশতেহারে রয়েছে দলীয় আধিপত্য মুক্ত ক্যাম্পাস, পরীক্ষার ফি বাতিল, গরিব শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ তহবিলের দুই-তৃতীয়াংশ বরাদ্দ, এবং আসনসংখ্যা ও আবাসন বৃদ্ধির প্রতিশ্রুতি।
হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ল, আজ আপিল বিভাগে শুনানি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের করা আবেদনের ওপর আজ বুধবার শুনানি করতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে আদালত। গতকাল চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে ঢাবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
