কুমিল্লায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন তার মেয়ে রৌশন আরা আক্তারকে পাশের বাড়ির কামাল হোসেনের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কামাল হোসেন তার স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতাংশ জমি দান কবলা করে দেন। সংসার জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। ওই জমি নিয়ে কামালের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে ওই জমিতে চাষাবাদ করতে গেলে কামালের বড় ভাই রবিউল ও তার স্ত্রী রেহানা বাধা দেন। পরে কামাল ও তার শ্বশুর জাকির হোসেন এগিয়ে গেলে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও তার ছেলে নজরুল ইসলামদের মধ্যে এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন মারধর থামিয়ে দিলে যে যার মতো করে বাড়িতে চলে যায়। এ সময় জাকির হোসেন গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের মুন্সিপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলম মিয়া ওই ইউনিয়নের উয়াহেদ আলীর ছেলে। তিনি ফান্দাউক বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। নাসিরনগর থানার ওসি আজহার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ করা সম্ভব নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত