গাজীপুরের শ্রীপুরে কাজ সেরে অফিসে ফেরার পথে ডাকাতের কবলে পড়েন পল্লী বিদ্যুতের দুই কর্মী। পরে ডাকাত দল তাদের সারা রাত বেঁধে রেখে সড়কে ডাকাতি করে। গত মঙ্গলবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোরে তারা উদ্ধার হন।
ভুক্তভোগীরা হলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান নিরঞ্জন মন্ডল ও লাইনম্যান শহিদুল ইসলাম। রাতে তারা কাজ সেরে অফিসে ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলসহ নানা জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল।
পল্লী বিদ্যুতের শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইনম্যান ফারুক আহাম্মেদ জানান, জঙ্গলের ভেতর দুজনকে বেঁধে রাখে ডাকাত দল। পরে খোঁজাখুঁজি করে তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। পল্লী বিদ্যুতের মাওনা জোনাল অফিসের এজিএম নূর আলম বলেন, ‘তাদের দুজন সহকর্মীকে ডাকাতরা আটকে রেখে টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে।’ শ্রীপুর মডেল থানার ওসি আবদুল বারিক বলেন, ‘ঘটনাটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
