অবস্থান পরিস্কার করলেন শবনম ফারিয়া

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লাক্সকন্যা শবনম ফারিয়া। শোবিজ কিংবা রাজনৈতিক-সমসাময়িক প্রায় সব ইস্যু নিয়েই কথা বলেন এই অভিনেত্রী। নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চান এই অভিনেত্রী। সেই সঙ্গে রাজনীতির বাইরে থেকেই সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চান তিনি। শবনম ফারিয়া বলেন, ‘ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।’ 

ব্যক্তিগত জীবনে  খুব কঠিন ও সংকটপূর্ণ একটা সময় পার করার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার ইচ্ছা আমার কখনোই ছিল না। তা না হলে অভিনয় এর পাশাপাশি চাকরি না করে, টিকটকে নাচতাম, জিম করতাম, আর ব্যাকা হয়ে দাঁড়িয়ে পশ্চাৎদেশের মিরর সেলফি দিতাম। এই দেশে অ্যাটেনশনের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, আমিও জানি, আপনারাও জানেন।’

                                                                                                                

নিজের রাজনৈতিক অবস্থা পরিষ্কার করে শবনম ফারিয়া বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না। আমি কোনো রাজনৈতিক চরিত্র নই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত