আড়াইহাজারে যুবক খুন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল চারটায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।

নিহত রবিউল ইসলাম পাঁচরুখীর বাঘাইভিটা এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে। তিনি গত রোববার থেকে নিখোঁজ ছিলেন।

জানা যায়, রবিউল রোববার সকাল নয়টায় নাস্তা করে বাড়ি থেকে বের হয়েছিলেন। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে উপজেলার পাঁচরুখী ফায়েজ উদ্দিনের বাড়ীর পেছনের ডোবা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সেখানে গিয়ে ভাসমান অবস্থায় রবিউলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং স্বজনেরা শনাক্ত করেন।

নিহতের মামা ইয়াসিন মিয়া বলেন, “আমার ভাগিনা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ইউরোপ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওর কোনো শত্রুও ছিল না। কারা ও কেন তাকে হত্যা করল, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত