ডাকসু ভোট: ১৪টি মেশিনে ঘণ্টায় ৮০০–১৩০০ ভোট গণনা সম্ভব

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। ভোট হবে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্র থেকে। ভোট গণনার জন্য ১৪টি আধুনিক মেশিন ব্যবহৃত হবে।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। নির্বাচন ভিন্ন পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

ভোটাররা ওএমআর শিটে পছন্দের প্রার্থীর পাশে ক্রস চিহ্ন করে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হলে শুরু হবে গণনা। আধুনিক মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে, ফলে রাতের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। ফলাফল প্রকাশ করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

কেন্দ্রীয় সংসদের ভোটের জন্য ব্যালট পেপার পাঁচ পাতার, আর হল সংসদের জন্য একটি পাতার ব্যালট থাকবে। একজন ভোটারের মোট ছয় পাতার ভোট গণনা করতে হবে।

ডাকসু নির্বাচন কমিশন জানায়, আটটি কেন্দ্রে মোট ১৪টি মেশিন থাকবে। এগুলো দিয়ে ভোট দ্রুত ও নির্ভুলভাবে গণনা করা হবে।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমরা অত্যাধুনিক মেশিনে ভোট গণনা করব। সময় খুব বেশি লাগবে না। প্রয়োজনে একাধিকবারও গণনা করা সম্ভব।”

তিনি আরও জানিয়েছেন, মেশিনগুলোর স্ক্যানিং স্পিড ঘণ্টায় ৫০০০ থেকে ৮০০০ পাতা। এর হিসাব অনুযায়ী, ঘণ্টায় ৮০০–৮৫০ ভোটার বা ১,৩০০–১,৩৫০ ভোটারের ব্যালট গণনা করা যাবে। সর্বনিম্ন হিসাব অনুযায়ী ঘণ্টায় ১২ হাজার ভোটের গণনা সম্ভব। ভোট যদি ৩০ হাজার হয়, তাহলে তিন ঘণ্টার মধ্যে গণনা শেষ হবে।

তফসিল অনুযায়ী ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একজন ভোটার কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি পদের জন্য ভোট দেবেন, মোট ৪১টি ভোট।

ডাকসুর মোট ভোটারের মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত