ব্রাজিল জাতীয় দলকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ বিশ্বকাপ বাছাইপর্বের চলতি ডাবল-ডেট ফিফা ম্যাচে রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এদার মিলিতাওকে বিশ্রাম দিলেও বার্সেলোনার রাফিনহাকে খেলিয়েছেন। আর এটিই স্পেনের গণমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
স্প্যানিশ দৈনিক স্পোর্ট জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে আগেই কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল। তাই চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচগুলো কার্যত আনুষ্ঠানিকতা মাত্র। এ অবস্থায় রাফিনহাকে ডেকে নেওয়া হয়েছে, অথচ রিয়াল মাদ্রিদের তারকারা বিশ্রামে—এতে "অসাম্যপূর্ণ আচরণের" অভিযোগ তুলেছে কাতালান সংবাদমাধ্যম।
চিলির বিপক্ষে মারাকানায় ৩-০ গোলের জয়ে ৭৮ মিনিট খেলেছেন রাফিনহা। এখন বলিভিয়ার উচ্চভূমিতেও তাকে মাঠে দেখা যেতে পারে। অন্যদিকে ভিনিসিয়ুস, রদ্রিগো ও মিলিতাও থাকছেন মাদ্রিদেই।
মুন্ডো দেপোর্তিভো লিখেছে, রাফিনহার এই সফর শারীরিক ও লজিস্টিক দিক থেকে বড় ধরনের চ্যালেঞ্জ। টাইম জোনের পার্থক্য, আবহাওয়ার পরিবর্তন ও প্রায় ৮০ মিনিটের ম্যাচ খেলার পর তিনি তেরেসোপোলিসে ব্রাজিলের ক্যাম্পে নিয়মিত অনুশীলন করেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তি অবশ্য দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেছেন: “আমাদের খেলাধুলার ধরনও বদলাতে হবে। উচ্চতার কারণে তীব্রতা ও প্রেসিং নিয়ে খেলা সম্ভব নয়। তাই কিছুটা সতেজ খেলোয়াড় মাঠে নামানো হবে।”
অন্যদিকে মার্কা জানিয়েছে, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের না নেওয়ার কারণ ছিল বাছাইপর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়া এবং ইউরোপীয় ক্লাবগুলোর মৌসুমের চাপে তাদের বিশ্রাম দেওয়া। তবে রাফিনহার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষও অসন্তোষ প্রকাশ করেছে।
রাফিনহা অবশ্য সামাজিক মাধ্যমে জাতীয় দলের জার্সি গায়ে নিজের ছবি দিয়ে লিখেছেন: “জাতীয় দলে খেলা সবসময়ই গৌরবের।”
এই সপ্তাহেই রাফিনহাকে বার্সেলোনায় ফিরতে হবে। সামনে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ এবং তারপর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই কাতালান ক্লাবের।
'আমার খুব ঘুম পাচ্ছে, উত্তরটা কাল দেই নাকি', সংবাদ সম্মেলেন লঙ্কান অধিনায়ক
'থাকছি দুবাইয়ে অথচ সব ম্যাচ খেলতে যাচ্ছি আবুধাবিতে এটা অস্বাভাবিক'