১৬ বছর বয়সীরা এনআইডি পাবে : ইসি সচিব

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ এএম

যাদের বয়স ১৬ বছর বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে। তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলেও জানান তিনি।  

ইসি সচিব আখতার আহমেদ বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে। তাতে ইসি অগ্রিম কিছু তথ্য রাখতে পারবে। তারা এনআইডি পাবে। যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যায়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানা কাজে এনআইডির প্রয়োজন হয়। এনআইডি না থাকলে তাদের অসুবিধায় পড়তে হয়। এ জন্য ১৬ বছর ও তার চেয়ে বেশি বয়সীরা এনআইডি পাবে। তারা ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।

হারানো এনআইডি ফিরে পেতে জিডি লাগবে না : ইসি সচিব জানান, এনআইডি হারানো গেলে তা পেতে নির্বাচন কমিশনে আবেদনের জন্য আর থানায় সাধারণ ডায়েরি বা জিডির কপি জমা দেওয়া লাগবে না । নাগরিকদের এনআইডি সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আখতার আহমেদ বলেন, ‎‎১৮ বা তার বেশি বয়সীদের ভোটার তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড দিয়ে থাকে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোটারযোগ্যদের বাইরে কম বয়সীদের তথ্য নিবন্ধন করে থাকে ইসি।

১৬ বছর হলেই এনআইডি পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ‎‎যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন। কিন্তু ভোটার হতে পারবেন না। এ ছাড়া এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে এখন আর থানায় জিডি করতে হবে না।

ইসি সচিব জানান, ‎রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২ রাজনৈতিক দলের নিবন্ধনের মাঠ পর্যায়ের তথ্য যাচাই-বাছাই শেষে আগামীকাল তথ্য কমিশনে দেওয়া হবে।

তিনি জানান, আইন মন্ত্রণালয় থেকে রাজনৈতিক দলের প্রতীক ভেটিংয়ের পর নতুন দলগুলোকে নিবন্ধন দেবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত