প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচনে হেরে গেলেও শিক্ষার্থীদের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নির্বাচনের ফল প্রকাশের পর তিনি ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাঁদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।

ভোটে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট। ফলাফল ঘোষণার পরপরই হামিমের সহনশীল অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

তবে হামিম অভিযোগ করেছেন, ভোটের দিন উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। তাঁর ভাষায়, গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব।

হামিমের এই বক্তব্য ঘিরে শিক্ষার্থীরা ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দেন তাঁর পোস্ট। শাহ আলম নামের একজন লেখেন, সঠিক সিদ্ধান্ত। এটাই নতুনত্ব, এটাই জুলাইয়ের চেতনা।

সাদিকুর রহমান লিখেছেন, আপনার কাছ থেকে এটাই প্রত্যাশিত ছিল ভাই। এবার হয়নি, কিন্তু একদিন আপনি বড় নেতা হবেন।

মিলন হাসান স্বাধীন লিখেছেন, ভাই, সহনশীলতাই নেতার গুণাবলি, যা আমরা আপনার কাছে দেখলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত