খাগড়াছড়িতে ইউপিডিএফ ভুক্ত তিন সংগঠনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি দেওয়া হয়। জেলার মানিকছড়ির তবলা পাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি নামে এই তিনটি পাহাড়ি সংগঠন অবরোধ করে।
অবরোধের কারণে তিন সড়কে দূরপাল্লা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে অবরোধকে কেন্দ্র করে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া অবরোধকারীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
