কাতারে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা বাংলাদেশের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ এএম

কাতারে ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকান্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালারও পরিপন্থী। এই বেআইনি ও উসকানিমূলক হামলার ঘটনায় বাংলাদেশ কাতারের সরকার এবং জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহি নিশ্চিত করার জন্য এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

ঢাকা বলেছে, এ ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞার আরেকটি ইঙ্গিত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকা- বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান : এদিকে বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে গতকাল এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানান।

ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের স্থায়ী সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার গুরুত্বের ওপরও জোর দেন।

ফিলিস্তিনিদের নিরন্তর সমর্থনের জন্য দেশটির প্রধান বিচারপতি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্যের ওপরও জোর দেন।

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড. আল-হাব্বাশ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।

কাতারে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ তারেক রহমানের : কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার এক বিবৃতিতে তারেক রহমান কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষদের এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাই।’ তিনি বলেন, ‘আমাদের উচিত একটি জরুরি যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত