নোয়াখলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা গেইট জমিদারহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত ইমন হোসেন বেগমগঞ্জ উপজেলার লতিফপুর ইউনিয়নের বাসিন্দা। আহত নুর হোসেন (১৮) লতিফপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমন ও নুর হোসেন মোটরসাইকেলে করে জমিদারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জমিদারহাট বাজারে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। 

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত নুর হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইমনের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

 এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসপাতালের দিকে যাচ্ছি । একজন মারা যাওয়ার খবর শুনেছি। অন্যজনের বিষয়ে এখনো জানা যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত