টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৯টি প্রকল্পের ৮২ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হচ্ছে ২ হাজার ২৮৯ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। নির্বাহী প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সার্বক্ষণিক তদারকির কারণে এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানা যায়, টাঙ্গাইল এলজিইডির অধীনে ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৬৭৮ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলিত মূল্যের বিপরীতে ১৯টি প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩, টাঙ্গাইল উন্নয়ন প্রকল্প, এমআরআরআইডিপি প্রকল্প, সিআইবিআরআর প্রকল্প ইত্যাদি। এসব প্রকল্পের কাজ ইতিমধ্যেই ৮২ শতাংশ শেষ হয়েছে।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত বছরের আগস্টে আওয়ামী সরকার পতনের পর তিনি দায়িত্ব নিয়ে প্রতিটি প্রকল্পে স্কিম পরিদর্শন করেছেন। যেসব স্কিমে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেগুলোর দরপত্র বাতিল করা হয়েছে। কোনো কোনো স্কিমের কাজ ঠিকাদারকে ডেকে এনে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করেছেন।
