গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক ঢাকার ডাক পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও কালীগঞ্জ থানার প্রেস ক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন (৩৫)। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জামালপুর গুদারাঘাট এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পূর্বশত্রুতাবশত স্থানীয় সন্ত্রাসী মাহমুদুল হাসান ও ফাহিমের নেতৃত্বে সাত থেকে আটজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সাংবাদিক মামুনকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তার সঙ্গে থাকা মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে যায়। স্থানীয়রা আহত সাংবাদিক মামুনকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই গাজীপুর ও কালীগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালছে।
