নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪২৫ কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ। এর মধ্যে ১০০টি কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া যায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উদ্ধার হওয়া কচ্ছপগুলো নোয়াখালী উপকূলীয় বন বিভাগ কার্যলয়ে নিয়ে আসা হয়েছে।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টায় দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া লোকনাথ মন্দিরের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ নোয়াখালী আবু ইউসুফের নির্দেশনায় অভিযান পরিচালনা করে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী, অপরাধ দমন ইউনিট ঢাকা ও স্থানীয় স্বেচ্ছাসেবক টিম।
সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা একেএম আরিফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে পূজা উপলক্ষে নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্ডলপাড়া মন্দিরের পাশে জড়ো করা হয়েছিল। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান,পাচারকারীদের ধরতে তদন্ত টিম কাজ করবে। এছাড়া উদ্ধার হওয়া জীবিত কচ্ছপগুলো দেশের বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হবে।