চূড়ান্ত তালিকা প্রকাশ, লড়াইয়ে ৩০৬ প্রার্থী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। রাকসু ও সিনেট প্রতিনিধির ২৮ পদের বিপরীতে লড়ছেন ৩০৬ জন প্রার্থী। এর মধ্যে রাকসুতে ২৪৮ আর সিনেটে লড়বেন ৫৮ জন। এর আগে প্রার্থীদের ব্যালট নম্বর লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পদের প্রার্থীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু হয়। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৮ জন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চূড়ান্তভাবে লড়ছেন ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৬, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ১০, সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৯, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৬, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৮, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৯, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৮, বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে ৬, সহকারী বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে ৮, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৬ ও নির্বাহী সদস্য পদে ৫৫ জন। এ ছাড়া সিনেট সদস্যপদে দাঁড়িয়েছেন ৫৮ জন। এ ছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদের বিপরীতে লড়বেন ৫৮ জন।

এদিকে রবিবার বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত লটারিতে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শুরুর পূর্বে অধ্যাপক সেতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আমরা এই লটারি কর্মসূচির আয়োজন করেছি। আশাকরি শিক্ষার্থীরা এ পদ্ধতিকে ইতিবাচকভাবেই গ্রহণ করবে।

কর্মসূচিতে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে প্রার্থীরা ব্যালট নম্বর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পছন্দের ব্যালট নম্বর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের এজিএস পদপ্রার্থী আকিল বিন তালেব বলেন, “আমি খুব আনন্দিত। ‘১০’ নম্বর আমার খুব পছন্দের নম্বর। আমি সেই ১০ নম্বর ব্যালট পেয়েছি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব।”

রাকসুতে আরও দুই ‘অপূর্ণাঙ্গ’ স্বতন্ত্র প্যানেল : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আরও দুটি ‘অপূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল’ ঘোষণা করা হয়েছে। দুটি প্যানেল হলো ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’ এবং ‘ইউনাইটেড ফর রাইটস’। রবিবার দুপুর পৌনে ১টা এবং দেড়টায় পৃথক দুই সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেওয়া হয়।

ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স জোটের ভিপি পদে রয়েছে আশিকুল্লাহ মুহিব, জিএস পদে আব্দুল মুকিত, তথ্য ও গবেষণা সম্পাদক ছাত্র ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং কার্যনির্বাহী সদস্য পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের জোটে অন্যান্য পদে কোনো প্রার্থী তারা দেননি। অন্যান্য পদে স্বতন্ত্র প্রার্থীদের তাদের প্যানেলে সমন্বয়ের আহ্বান করেছেন।

জোটের ভিপি প্রার্থী আশিকুল্লাহ মুহিব বলেন, ‘দলীয় প্রার্থী এবং প্যানেলের অর্থনৈতিক ও লজিস্টিক সাপোর্ট রয়েছে। আমাদের মতো স্বতন্ত্র প্রার্থীদের সেই সহায়তার জায়গা নেই। ফলে আমরা একতাবদ্ধভাবে একটি জোট করেছি। আমাদের অন্যান্য পদে আমরা প্রার্থীদের আহ্বান করছি।’

এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আরেক সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস ছাড়াই ১১ সদস্যের আরেকটি প্যানেল ঘোষণা করেছেন একদল প্রার্থী। তাদের প্যানেলের নাম ‘ইউনাইটেড ফর রাইট’। সব মিলিয়ে রাকসু নির্বাচনে ১১টি প্যানেল ঘোষণা করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত