যুক্তরাজ্যে ইতিহাস সৃষ্টি করেছেন শাবানা মাহমুদ। তিনি দেশটির প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ব্রিটিশ রাজনীতির দীর্ঘ ইতিহাসে এই মাইলফলক একদিকে যেমন বহু জাতি ও বহুসংস্কৃতির সমাজের বাস্তবতাকে প্রতিফলিত করছে, অন্যদিকে তা মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ ও নেতৃত্বের নতুন দ্বার উন্মোচন করেছে। তার মেধা, যোগ্যতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে এই আসনে বসিয়েছে।
১৯৮০ সালে বার্মিংহামের স্মল হিথে পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবেই তার মধ্যে শিক্ষার প্রতি অদম্য আগ্রহ দেখা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজের আইন বিভাগ থেকে ২০০২ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। জনস্বার্থ ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা তাকে রাজনীতির দিকে টেনে আনে। সমাজে ন্যায়বিচার ও সমতার প্রশ্নে তার সরব অবস্থান ধীরে ধীরে রাজনৈতিক নেতৃত্বে পরিণত হয়।
২০১০ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বার্মিংহাম লেডিওয়েল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাবানা মাহমুদ। সংসদে প্রবেশের পর থেকেই তিনি সরব ও স্পষ্টভাষী প্রতিনিধি হিসেবে পরিচিতি পান। শিক্ষাব্যবস্থা, সামাজিক ন্যায়বিচার, সমতা এবং অভিবাসীদের অধিকার নিয়ে তিনি নিয়মিতভাবে কথা বলেছেন।
২০২৪ সালে লেবার সরকার গঠনের পর তিনি বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে মন্ত্রিসভায় যোগ দেন। ওই দায়িত্ব পালনে তিনি প্রশাসনিক দক্ষতা, কঠোর পরিশ্রম ও নেতৃত্বের ক্ষমতা প্রদর্শন করেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের সেপ্টেম্বরে পুনর্গঠিত মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বসেন তিনি। অভ্যন্তরীণ নিরাপত্তা, পুলিশ, অভিবাসন ও নাগরিক অধিকার, সবকিছু এই মন্ত্রণালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে তার কাঁধে এখন সরকারের অন্যতম ভারী দায়িত্ব।
লেখক : মাদ্রাসাশিক্ষক ও প্রবন্ধকার
