কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চলন্ত বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামের অটোরিকশাচালক বাদল (১৫) এবং উল্লাপাড়া গ্রামের বাসিন্দা শাহআলম (৬৫)। বাদলের বাবা শফিকুর রহমান গুরুতর আহত অবস্থায় বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে একটি মালবাহী ট্রাক খিলা দক্ষিণ বাজার এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক ও দুই যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই শাহআলম নিহত হন। গুরুতর আহত বাদল ও তার বাবাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই বাদলের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, ‘বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
