বাংলাদেশকে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হবে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা ক্রমান্বয়ে কমে আসবে। তাই এসব সুবিধার ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

গতকাল মঙ্গলবার আয়োজিত ‘এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি)’ এই সেমিনারের আয়োজন করে।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, ভবিষ্যতে এলডিসি হিসেবে পাওয়া বিভিন্ন বাণিজ্যিক সুবিধা কমে আসবে। তাই এই সুবিধাগুলো না থাকলেও যাতে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলো আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া অপরিহার্য। তিনি বেসরকারি খাতের শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। তার মতে, এতে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়বে। একই সঙ্গে, তিনি সুলভ ও পরিবেশবান্ধব জ্বালানি উৎস অনুসন্ধানের ওপর জোর দেন। পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার দেশের রপ্তানি পণ্যের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বাজারে আরও বাড়াবে বলেও জানান তিনি।

সেমিনারের সভাপতি এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, বিভিন্ন দেশ, উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বল্পোন্নত দেশগুলোর কাঠামোগত রূপান্তরে আর্থিক, কারিগরি এবং বাণিজ্য-সুবিধা দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সমন্বিত কার্যক্রমের একটি সুস্পষ্ট রোডম্যাপ সম্প্রতি প্রণীত ‘স্মুথ ট্রাঞ্জিশন স্ট্র্যাটেজি’-তে দেওয়া হয়েছে, যার সুষ্ঠু বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত