সালাহউদ্দিন আহমদ

নির্বাচন অনিশ্চিত করলে বেনিফিশিয়ারি হবে পতিত ফ্যাসিবাদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

আগামীর নির্বাচন অনিশ্চিত করলে পতিত ফ্যাসিবাদ বেনিফিশিয়ারি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা যদি অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি; তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফ্যাসিবাদ হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন বানচাল হলে সেটার পরিণতি কী হবে, এই জাতি অনেকবার সে পরিণতি ভোগ করেছে, সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না। সুতরাং আমরা আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা আগাই এবং একটা সমাধানের দিকে যাই।

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু নিয়ে তিনি বলেন, আমরা আলোচনার টেবিলে আছি। সমাধানের জন্য, এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়া বা জাতির পক্ষে সমাধানের জন্য প্রস্তাব দিয়ে যাচ্ছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে। তাহলে আমরা যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব।

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন প্রসঙ্গে তিনি বলেন, এক বছর হয়ে গেল ইন্টেরিম গভমেন্টের, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে সেটা কি অকার্যকর হয়ে গেল? এটা কি জুডিশিয়ারিতে অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোনো সিদ্ধান্ত এসছে? আসে নাই। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা আমি মনে করি অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো। এটার কোনো বৈধতা নাই।

এ সময় তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বলেন, পিআরের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনও মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মত মেজরিটি পাওয়া যায় না এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সরকার ব্যবস্থায় সংসদ ব্যবস্থায় তখন রাষ্ট্রের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা যায় না। তার উদাহরণ তো আমাদের পার্শ্ববর্তী অন্য একটা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি। আমরা সেরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না বলেও মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত