বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে চার দিনব্যাপী দলটির এ কংগ্রেস শুরু হবে। গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সিপিবির সভাপতি কমরেড শাহ আলম বলেন, দেশে এখন আইনের শাসন, মানবাধিকার বলতে কিছু নেই। আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইক সোচ্চার হতে হবে। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন যেন হয় তার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নব্বই দশক থেকে সিপিবিকে বিভক্ত করার নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র উপেক্ষা করে সিপিবি এগিয়ে চলেছে এবং এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিহির ঘোষ। আরও উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ডা. আবু সাঈদ, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, পরেশ চন্দ্র কর, আবদুল্লাহ ক্বাফী রতন ও কংগ্রেস প্রস্তুতি কমিটির মিডিয়া উপকমিটির আহ্বায়ক লাকী আক্তার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার দুপুর ২টায় ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ শেষে সাংগঠনিক অধিবেশন শুরু হবে, যা সোমবার বিকেল পর্যন্ত চলবে। শেষদিনে সারা দেশের প্রতিনিধিদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
এতে আরও বলা হয়, কংগ্রেসে দলের রাজনৈতিক প্রস্তাব, ঘোষণা ও কর্মসূচি দলিল নিয়ে আলোচনা ও চূড়ান্ত করা হবে। কংগ্রেসের আগেই দলের সব জেলা, উপজেলা ও শাখা সম্মেলন সম্পন্ন হয়েছে। জেলা সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কংগ্রেসে অংশগ্রহণের জন্য ৫২৫ জন প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্বোধনী দিনে দলের দুই শতাধিক ভেটারান কমরেডদের সম্মাননা জানানো হবে। যাদের বয়স ৭০ বছর বা তদূর্ধ্ব এবং যারা একটানা ৩০ বছরের বেশি সময় ধরে পার্টির সদস্য হিসেবে যুক্ত আছেন, তাদের ভেটারান কমরেড হিসেবে নির্বাচিত করা হয়েছে। কংগ্রেস চলাকালে প্রতিদিন সন্ধ্যায় কংগ্রেসের মুখপাত্ররা কংগ্রেসের কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন।
