বিরামপুরে চুরির টাকা ফেরত চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ এএম

দিনাজপুরের বিরামপুরে চুরির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সাজেদুল ইসলাম সাজু (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল ইসলাম ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত রায়হান কবির (২২) একই গ্রামের মোজাম্মেল হক ওরফে মোজার ছেলে এবং নুরুন্নবী ইসলাম (২৩) প্রতিবেশী বেলাল হোসেনের ছেলে। রায়হান কবির ও নুরুন্নবী ইসলাম সম্পর্কে চাচাতো ভাই। বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ছেলের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মা ছায়েদা বেগম বলেন, ‘আমার ছেলে ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। গতকাল (বৃহস্পতিবার) ছেলের ঘর থেকে ৬ হাজার টাকা চুরি হয়। প্রতিবেশী রায়হান কবিরকে টাকা চুরির বিষয়টি অবগত করলে সে চুরির বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে সাজেদুল ও রায়হানের মধ্যে বাগ্বিত-া হয়। পরে রায়হান তার চাচাতো ভাই নুরুন্নবীকে ডেকে আমাদের বাড়িতে আসে। পরে দুজন মিলে আমার ছেলে সাজেদুল ইসলামকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। ছেলেকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সাজেদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যায়।’

জানতে চাইলে বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ‘টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সাজেদুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত