পদ্মা সেতুর অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ উদ্বোধন আজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম

২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে ম্যুরালে অঙ্কিত হয়েছে গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সেতুর মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ উদ্বোধন হতে যাচ্ছে। দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি হিসেবে ওই গ্রাফিতি উদ্বোধন করবেন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার।

এদিকে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের দক্ষিনবঙ্গের
প্রবেশদ্বার পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মাওয়া এবং সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ম্যুরালে বিশেষ গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

অঙ্কিত ওই গ্রাফিতিতে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত ছবি রয়েছে। একই সঙ্গে রয়েছে ছাত্র-জনতাকে অভিবাদন জানিয়ে ‘স্যালুট সুজন’ হিসেবে খ্যাতি পাওয়া রিকশাচালক মোহাম্মদ সুজনের মুখচ্ছবি। এছাড়াও অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিশুদেরও মুখচ্ছবি রয়েছে সেতুর উভয় প্রান্তের গ্রাফিতিতে।

অর্ন্তবর্তীকালীন সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সার্বিক দিকনির্দেশনায় সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরালে এই বিশেষ গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেয়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত