এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন রুশ যুদ্ধবিমানের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ এএম

রাশিয়ার তিনটি যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে ১২ মিনিট অবস্থান করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তারা এ ঘটনাকে ‘অসীম দুঃসাহসী’ অনুপ্রবেশ বলে অভিহিত করেছে। এস্তোনিয়ার অভিযোগ, শুক্রবার মিগ-৩১ মডেলের তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়াই আকাশসীমায় প্রবেশ করে। পররাষ্ট্রমন্ত্রী মারগুস তসাকনা বলেন, রাশিয়া এ বছর এর আগেও চারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, যা একেবারে অগ্রহণযোগ্য। কিন্তু আজকের অনুপ্রবেশ ছিল সবচেয়ে বেপরোয়া। সাম্প্রতিক সময়ে রাশিয়ার এমন একাধিক সামরিক তৎপরতা ন্যাটোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে বলেছে, যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে নিরপেক্ষ জলসীমার ওপর দিয়ে উড়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা জোটের সঙ্গে রাশিয়ার উত্তপ্ত সম্পর্কের মধ্যেই গত ৯ ও ১০ সেপ্টেম্বর রাতে ২০টিরও বেশি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। ন্যাটোর যুদ্ধবিমান এর মধ্য থেকে কিছু ড্রোন ভূপাতিত করে। পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাশিয়া ন্যাটোর প্রস্তুতি ও সংকল্প পরীক্ষা করছে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘জাপাদ-২০২৫’ শেষ হওয়ার তিন দিন পরই এই অনুপ্রবেশ ঘটে। মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল।

রুশ যুদ্ধবিমান সাধারণত বাল্টিক সাগরের ওপর দিয়ে মূল ভূখণ্ড ও কালিনিনগ্রাদ অঞ্চলের মধ্যে চলাচল করে। গতকাল শনিবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমানগুলো নির্ধারিত রুটেই উড়েছে এবং অন্য কোনো দেশের সীমানা লঙ্ঘন করেনি। তারা টেলিগ্রামে জানায়, মিগ-৩১ যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে নিরপেক্ষ জলসীমার ওপর দিয়ে উড়েছে এবং স্বাধীন পর্যবেক্ষণেও সীমালঙ্ঘনের প্রমাণ মেলেনি। পোল্যান্ড একই দিন জানায়, বাল্টিক সাগরে পেট্রোবাল্টিক ড্রিলিং প্ল্যাটফর্মের নিরাপত্তা জোনে রাশিয়ার দুটি যুদ্ধবিমান প্রবেশ করেছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে গত সপ্তাহে ন্যাটোর দুই সদস্য পোল্যান্ড ও রোমানিয়া তাদের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের দাবি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত