বগুড়ার শেরপুরে রাতের আঁধারে কৃষকের প্রায় ১ বিঘা জমির গাছের কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের কোনো এক সময় কলাগাছগুলো কেটে ফেলা হয়। একই রাতে তার বসতবাড়ির খড়ের গাদাতেও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে এ ঘটনা জানতে পেরে দিশেহারা হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষক সুরুজ আলী। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
জানা গেছে, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের মাঠে কৃষক সুরুজ আলী অন্যের জমি লিজ নিয়ে ১ বিঘা জমিতে কলার বাগান করেছিলেন। প্রতিটি গাছে কলা ধরেছে। আর ১৫ দিন পরই কলাগুলো বাজারে বিক্রি করা যেত। কৃষক সুরুজ আলী জানান, কী কারণে এমন শত্রুতা তা বোধগম্য হচ্ছে না তার।
কলাবাগানের জমির মালিক সকালে এসে বর্গা দেওয়া জমিতে কলাবাগানের এমন অবস্থা দেখতে পান। জমিতে একটি গাছের কলার কাদিও অক্ষত নেই দেখে তিনি সুরুজ আলীকে খবর দেন।
একই রাতে ওই এলাকার কৃষক সুরুজ আলীর শ^শুর গোলাম রব্বানীর ১২ শতক জমির করলা গাছ ও শিম গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক গোলাম রব্বানীর স্ত্রী জানান, করলা গাছ ও শিম গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হলো।
বিষয়টি নিয়ে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
