মেসির জোড়া গোল অ্যাসিস্টে মায়ামির জয়

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

মেজর লিগ সকারে ঘরের মাঠে মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। আজ বাংলাদেশ সময় সকালে হওয়া মায়ামির ম্যাচটি ছিল মেসিময়। হ্যাটট্রিকের সুযোগ ছিল আর্জেন্টাইন মহাতারকার সামনে। ৮৮ মিনিটে তার শট ডিসির গোলকিপার রুখে দেওয়ায় আর হয়নি।

ম্যাচের ৩৫ মিনিটে মাঝমাঠ থেকে মেসির লম্বা করে বাড়ানো থ্রু বল ধরে সামনে এগিয়ে গোল করেন তাদেও এলেনদে। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে ক্রিস্টিয়ান বেনটেক হেডে গোল করে ডিসিকে সমতায় ফেরান। ২০২৪ সালে এই তারকা এমএলএসের গোল্ডেন বুট পেয়েছিলেন, এবার পেলেন মৌসুমের নবম ও সবমিলিয়ে ৪৭তম গোল। 

আগে দুবার মেসির শট রুখে দিলেও ৬৬ মিনিটে আর পারেননি ডিসির গোলকিপার। জর্দি আলবার পাস বক্সে পেয়ে গোল করেন মেসি। ৬৯ মিনিটে আর্জেন্টিনার মাতেও সিলবেত্তিকে বক্সে ফাউল করেন ডিসির গোলকিপার বারাজা। স্পটকিক নেন ১৯ বছরের মাতেও, তার শট ক্রসবারে লাগে। তবে ৮৫ মিনিটে আবারও মেসি ম্যাজিক। বক্সের বাইরে বুসকেটসের পাস থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে আলতো শটে বল জালে জড়ান মেসি। তাতে চলতি মৌসুমে এমএলএসে মেসির গোল হলো ২২টি। সর্বোচ্চ গোলদাতা মেসিই, ২১ গোল নিয়ে দুইয়ে ন্যাশভিলের সাম সুরিডজ। ক্যারিয়ারি মেসির গোল সংখ্যা হলো ৮৮২।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর মেজর লিগ সকারে তার গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) ৭৩টি। ম্যাচের আগে ইএসপিএন জানায়, যুক্তরাষ্ট্রের লিগটির ইতিহাসে সবচেয়ে কম ৪৬, ম্যাচে ৭০ গোলে অবদান মেসির। তিনি ভাঙেন ২০১৯ সালে ৫৫ ম্যাচে ৭০তম গোলে অবদান রাখা কার্লোস ভেলার রেকর্ড। এখন মেসির ৪৭ ম্যাচে ৭৩ গোলে অবদান হলো।

যোগকরা সময়ের সপ্তম মিনিটে ডিসির জ্যাকব গোল শোধ দেন। তবে নাটকীয় কিছু আর হয়নি। ৩-২ ব্যবধান ধরে রেখে জয় পেয়েছে মেসির দল। ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ৫২ পয়েন্টে পাঁচে আছে মায়ামি। ৩১ ম্যাচে ২৫ পয়েন্টে ১৪ নম্বরে ডিসি ইউনাইটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত