চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাব্বি (১৯) নামের অপর এক যুবক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের দক্ষিণ প্রবেশদ্বারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দিকে যাচ্ছিল একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-শ-১১-১৬৬৯)। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন চালক রাব্বি।
দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
