যুক্তরাজ্য–কানাডা–অস্ট্রেলিয়ার স্বীকৃতিতে ক্ষুব্ধ নেতানিয়াহু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পশ্চিমা বিশ্বের এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পাশাপাশি আন্তর্জাতিক মহলও স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কোনো দিন প্রতিষ্ঠিত হবে না।

গতকাল (২১ সেপ্টেম্বর) তিন দেশ একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এ পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিশ্বের বেশিরভাগ দেশ। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বসেই নেতানিয়াহু জানান, ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না।’

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে তিনি আরও বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ‘মিথ্যা প্রচারণা’ এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তার দাবি, এ উদ্যোগ ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে এবং সন্ত্রাসবাদের জন্য এক ধরনের অবাঞ্ছিত পুরস্কার হিসেবে কাজ করবে।

নেতানিয়াহু বলেন, ‘জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের সত্য। এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি—শক্তির মাধ্যমে শান্তি।’

তিনি আরও জানান, জাতিসংঘে ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত