ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম

ভারতে আটক নারী ও শিশুসহ অরো ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সোয়া ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

তারা হলেন- অনিতা মণ্ডল (২৯), সুপর্ণা মণ্ডল (৬), নূর নবী গাজী (৪০), মুরশিদা খাতুন (৩৫), আলম গাজী (১২), হালিমা পারভীন (৯), মেহেরালী ঢালী (৬০), তহমিনা খাতুন (৫৫), রিনা পারভীন (২০), আনিসুর রহমান (৩৬), মায়মুনা খাতুন (৩০), মুস্তাকিম (১০), তানিয়া খাতুন (৭), দীপু মণ্ডল (২৩) আমেনা আক্তার (২২)।

বিজিবি’র বরাতে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন্স সুশান্ত ঘোষ জানান, গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জলোর হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদের আটক করে। 

পরবর্তীতে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরাস্থ বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম এর মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।

পরে রাত সোয়া ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আবুল কাশেম (৫৬) বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন্স সুশান্ত ঘোষ বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত