'ব্যাটকে বন্দুক বানিয়ে গুলি'- উদযাপন নিয়ে সমালোচনা কেয়ার করেন না ফারহান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

রবিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচে পাকিস্তান হেরেছে ৬ উইকেটে। তবে সেই ম্যাচে ব্যাটিংয়ে উন্নতির ছাপ ছিল, শাহিবজাদা ফারহান খেলেছিলেন গুরুত্বপূর্ণ ৫৮ রানের ইনিংস। 

সেই হাফসেঞ্চুরির পর অনন্য ফারহানের উদযাপনও নজর কাড়ে। অক্ষর প্যাটেলের বলে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করার পর ব্যাট দিয়ে 'গুলির মতো রান বেরোনো'র ভঙ্গি করেন তিনি। অনেকে এটাকে বন্দুক দিয়ে গুলি করার কথা বলে সমালোচনা করেছেন। তবে ফারহান বলেছেন, “আমি সাধারণত হাফসেঞ্চুরি উদযাপন করি না, তবে এবার মাথায় নতুন একটা ভাবনা এসেছিল, তাই আলাদা করে প্রকাশ করেছি। এর অন্য কোনো মানে নেই।” ফারহান আরও যোগ করেন, তার উদযাপন মানুষ কীভাবে নেবে তা মোটেও কেয়ার করেন না তিনি। জোর দিয়ে বলেন, প্রতিটি দলের বিপক্ষেই আক্রমণাত্মক ক্রিকেট খেলাই তার মূল লক্ষ্য।

ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করলেও এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে পাকিস্তান আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ফারহান। আগামীকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচ জিতে ফাইনালে ওঠার লক্ষ্য তাদের, 'যেহেতু ম্যাচটা বাঁচা-মরার মতো, আমরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।” ফারহান বলেন, ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ পেলে পাকিস্তান সেটি জিততে বদ্ধপরিকর। একই সঙ্গে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনার ফলে সাইম আয়ুবসহ সবাই আত্মবিশ্বাস পেয়েছে বলেও জানান তিনি।

সুপার ফোরে ভারতের কাছে হারের পর পাকিস্তান বর্তমানে নেট রানরেটে (-০.৬৮৯) তলানিতে রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর তাদের শেষ সুপার ফোর লড়াই লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে, আগামী ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত