২১ দিনে এলো প্রায় ২৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম

চলতি সেপ্টেম্বর মাসের ২১ দিনেই ২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকার রেমিট্যান্স দেশে এসেছে। এই ধারা অব্যাহত থাকলে পুরো মাস শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে বলে ধারণা করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি। গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ডলারের রেমিট্যান্স।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আড়াই মাসে (জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৫৭৭ কোটি ডলার। অর্থাৎ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ১ শতাংশে। এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত