শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে মিছিল নিয়ে ওই বাড়িতে ডিম ছোড়েন একদল যুবক। 

তাঁদের নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় কিছু নেতা-কর্মী। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।

স্থানীয়রা জানায়, ওই প্রবাসীর নাম জাহিদ হাসান বেপারী। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তিনি। 

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে জাহিদ হাসানকে অংশ নিতে দেখা গেছে। এ–সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

তবে শরীয়তপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের অভিযোগ, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সঙ্গে খারাপ আচরণ ও নেতাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জাহিদ হাসান জড়িত।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে জাহিদের গ্রামের বাড়ির সামনে লোকজন জড়ো হতে থাকেন। এলাকায় উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। 

সন্ধ্যায় এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী রুহুল আমীনের নেতৃত্বে কিছু লোক তেলিপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল করেন। এরপর জাহিদের বাড়ির প্রধান ফটক ও দেয়াল লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। ওই সময় জাহিদের পৈতৃক বাড়িতে তাঁর ছোট এক ভাইয়ের স্ত্রী ও শাশুড়ী ছিলেন।

জাহিদ হাসান বেপারীর ছোট ভাইর স্ত্রী মীম ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আমাদের ভবনের প্রধান ফটকের সামনে কিছু লোকজন জরো হয়ে বিক্ষোভ মিছিল করে। 

পরে বিক্ষোভকারীরা আমাদের ফটকে ও দেয়ালে ডিম নিক্ষেপ করে। ফটকটি জোরে ধাক্কাতে থাকে। আমরা ভয় পেয়েছিলাম। জাহিদ ভাইর ঘটনায় আমাদের এসব করার মানে বুঝলাম না।

শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিম নিক্ষেপের ঘটনাটি ঘটেছে। পরে তথ্য সংগ্রহ করতে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা স্যোশাল মিডিয়ায় নজরদারি রেখেছি এ বিষয়ে জানার জন্য। আমরা এখনও অফিসিয়াল অভিযোগ পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত