নাটোরের বাগাতিপাড়ায় সিটিএম প্রকল্প-পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি দল। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ী, গরু-ছাগল খামারি ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দল।
এ সময় বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার জেসমিন রাজভান্ডারী, সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট অভিরূপ সরকারসহ সমাজসেবা অধিদপ্তর ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রকল্পের আওতায় উপজেলার ৯৮৭ জন উপকারভোগীকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনপ্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এই কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী গরু-ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসায় যুক্ত হয়ে স্বাবলম্বী হবেন বলে তারা আশাবাদী।
রিক বাগাতিপাড়া শাখার ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন বলেন, প্রকল্পের লক্ষ্য হচ্ছে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আত্মবিশ্বাসী ও টেকসই জীবিকায়ন গড়ে তুলতে সহায়তা করা। উপকারভোগীরা বিশ্ব ব্যাংক, সমাজসেবা অধিদপ্তর ও রিক বাগাতিপাড়া শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
