দুর্গাপূজায় দেশজুড়ে র‍্যাবের বিশেষ পরিকল্পনা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়া এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর দেশজুড়ে মোট একত্রিশ হাজার পাঁচশ ছাব্বিশটি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 

পূজাকে ঘিরে আগামী তিন অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখতে প্রতিটি ব্যাটালিয়নের কর্মএলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে চুরানব্বইটি দলসহ সারাদেশে মোট দুই শত একাশিটি টহল দল কাজ করছে। 

প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছে। র‍্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুর্গাপূজা ঘিরে যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে র‍্যাবকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো জরুরি সহযোগিতার জন্য র‍্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত