হাজারে ২০ শিশু হার্টের রোগ নিয়ে জন্ম নিচ্ছে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ এএম

ডা. সাদিয়া আফরিন মনি

সহযোগী কনসালট্যান্ট

শিশু কার্ডিয়াক বিভাগ, এ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল

হার্টের রোগ বয়স্কদের বলা হয়ে থাকে। বর্তমানে তরুণদের একটি বিরাট অংশ হার্টের রোগে আক্রান্ত হচ্ছে। তবে এই তরুণদের পাশাপাশি নতুন একটি সংযোজন হলো শিশুরা জন্মগতভাবে হার্টের রোগ নিয়ে আসছে। শিশুদের মধ্যে জন্মগতভাবে দুই ধরনের হার্টের রোগ দেখা যাচ্ছে। কখনো কখনো শিশুদের হার্টে ছিদ্র থাকছে আবার কখনো কখনো হার্টের সাইজে পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় শিশুদের মধ্যে এই হার কম দেখা গেলেও এখন দিন দিন তা বাড়ছে। এই বাড়ার কারণ কী?

এ বিষয়ে ডা. সাদিয়া আফরিন বলেন, মায়ের কাছ থেকে জন্মগতভাবে শিশুরা এই রোগ নিয়ে আসছে।

এখন প্রশ্ন হলো কোন কোন মায়েদের কাছ থেকে শিশুরা হার্টের রোগ পেয়ে থাকে। যেসব মায়েদের উচ্চ ডায়াবেটিস থাকে, রক্তের মধ্যে ‘টরসিট’ নামের এক ধরনের ইনফেকশন থাকে তাদের থেকে জন্ম নেওয়া শিশুরা সাধারণত হার্টের রোগ নিয়ে জন্মগ্রহণ করে।

শিশু হার্টের রোগ নিয়ে জন্ম নিয়েছে কি না, তা কীভাবে বোঝা যায়? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু জন্মের পরপরই একজন নবজাতক বিশেষজ্ঞ তা শিশুকে স্ক্যানিং করে শনাক্ত করতে পারে শিশুটি হৃদরোগে আক্রান্ত কি না।

তাহলে এর চিকিৎসা কীভাবে হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জন্মের পরপরই চিকিৎসা শুরু হয়। তবে চট্টগ্রামের কোনো হাসপাতালে এই চিকিৎসার অপারেশন হয় না। চট্টগ্রামে শুধু মেডিসিন সেবা দেওয়া যায়। অপারেশনের জন্য ঢাকায় হার্ট ফাউন্ডেশন ও অন্য একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এই অবস্থা থেকে বাঁচতে মায়েদের কী করা উচিত? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশি বয়সে বাচ্চা নেওয়া যাবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত