বন্দর নগরীতে মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

চট্টগ্রাম মহানগরীকে যানজটমুক্ত করতে মনোরেল প্রকল্প বাস্তবায়নে ফিল্ড সার্ভে সোমবার থেকে শুরু হয়েছে। বিডাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টাইগারপাশস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।

এসময় মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে।  এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। মনোরেল নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি। আজ প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হচ্ছে। এরপর পূর্ণাঙ্গ  সম্ভাব্যতা যাচাইয়ের পর কাজ শুরু হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রকল্পটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। বিডাসহ সবগুলো সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এসময় চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত