আজ মহানবমী মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ঢল

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩১ এএম

আজ বুধবার শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ১০ দিন আগে মহালয়ার দিনে দেবী দুর্গা মর্ত্যে এসেছিলেন। গত শনিবার দেবীর নিদ্রাভঙ্গের (বোধন) পর রবিবার মহাষষ্ঠীতে দেবীকে বরণ, সোমবার মহাসপ্তমী ও মঙ্গলবার মহাষ্টমীতে পূজিত হন দেবী দুর্গা। আজ মহানবমী শেষে কাল বৃহস্পতিবার হবে বিজয়া দশমী।

গতকাল মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চণ্ডী ও মন্ত্রপাঠে দেবীর পূজা-অর্চনা হয়। দেবীর আরাধনা ও বন্দনায় মেতে ওঠেন পুণ্যার্থীরা। গতকাল মহাষ্টমীর দিনে সকালে দুর্গা দেবীর মহাষ্টমীবিহিত পূজা, ব্রতোপবাস ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা হয় ঢাকের বোল, উলু ও শঙ্খধ্বনি এবং কাঁসরের তালে।

মহাষ্টমীর দিনে অন্যতম আকর্ষণ কুমারী পূজা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মঠ ও মিশনগুলোয়। পূজামণ্ডপগুলোয় নতুন পোশাকে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। আজ মহানবমী বিহিত পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলিসহ নানা আয়োজন থাকছে পূজামণ্ডপগুলোয়। আজও মণ্ডপগুলোয় দর্শনার্থীদের ভিড় থাকবে বলে জানান আয়োজকরা।

আগামীকাল বিজয়া দশমীতে সকালে হবে দর্পণ বিসর্জন। একই দিন প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা।

আজ বুধবার মহানবমীতে সরকার ঘোষিত ছুটি থাকবে। একই সঙ্গে কাল বৃহস্পতিবার বিজয়া দশমীতেও ছুটি থাকবে।

গতকাল রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পূজায় মানুষের ঢল নামে। শ্রীরাম কৃষ্ণের কথামৃতে উল্লেখ আছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা।

শাস্ত্র মতে, ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারীকে দেবী জ্ঞানে পূজা করার বিধান রয়েছে। রামকৃষ্ণ মিশন ও মঠ-এ নির্বাচিত কুমারীকে প্রভাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দেবীর মতো সাজানো হয়। তাকে সুসজ্জিত আসনে বসিয়ে ষোলোটি উপাদানে মন্ত্রপাঠে পূজা-অর্চনা ও মাতৃবন্দনা করা হয়। এ সময় চারদিকে শঙ্খ, ঢাকের আওয়াজ, উলধ্বনি আর দেবী স্তুতিতে মুখরিত হয়ে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত