নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, গণ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে শোডাউনটি উপজেলা সদরের ওছখালী জিরো পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মো. শাহনেওয়াজ বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারুণ্যের প্রতীক তারেক রহমানের দল। হাসিনা সরকার ক্ষমতায় থাকতে বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করেছিল কিন্তু পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়ন করেছিলেন। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য প্রতিটি ঘরে পৌঁছে দিতে আমরা সকল পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছি এবং তা বাস্তবায়নের লক্ষ্যে এই গণমিছিল ও সমাবেশ।
শোডাউনে এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
