রাজধানীর মুগদায় মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারীদের লাঠির আঘাতে পুলিশের এক এসআই আহত হয়েছেন। গুরুতর আহত রাসেল মিয়া (৩২) নামে ওই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুগদা মদিনাবাগ ময়লাবস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল মদিনাবাগ ময়লাবস্তি এলাকায় অভিযানে গিয়েছি ।
সেখান থেকে এক দুর্ধর্ষ মাদক কারবারীকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে আসার সময় আরেক মাদক কারবারী হঠাৎ পেছন থেকে লাঠি দিয়ে ওই পুলিশ কর্মকর্তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তখন গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি রাখেন।
ওসি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। হামলাকারীকে সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
