কক্সবাজারের টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ২১ ব্যক্তিকে গত বুধবার রাতে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করে। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত বুধবার রাত ১১টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করে।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটক করতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
